নভেম্বর ১৬, ২০২৬, ১২:১৬ পিএম
পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। তবে নির্ধারিত সময়ের আগেই কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
এর আগে গতকাল রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী এর আগে হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছিল। সে সময় বাংলাদেশের জন্য মোট অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
পরবর্তীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের জন্য হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। পাশাপাশি সরকারি মাধ্যমের কিছু কোটা অব্যবহৃত অবস্থায় রয়েছে। বর্ধিত ও অব্যবহৃত এসব কোটায় হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
নতুন করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন