সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান তৃতীয়

ফিচার ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১১:২৩ এএম

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান তৃতীয়

ঢাকার বাতাস

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে ঢাকার বায়ুমান সূচকে স্কোর রেকর্ড করা হয়েছে ২০৮। বাতাসের এই স্কোর নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের ফলে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিন বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩০৬। এই স্কোর বাতাসের দুর্যোগপূর্ণ অবস্থাকে নির্দেশ করে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২৫৫। এছাড়া ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের নয়াদিল্লি এবং পঞ্চম স্থানে থাকা ইরানের তেহরানের স্কোর ১৮৬।

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। অন্যদিকে স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে সেই বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে সাধারণত বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ওজোনের ওপর ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে ইটভাটা, বিভিন্ন যানবাহনের ধোঁয়া এবং নির্মাণাধীন সাইটের ধুলা। দূষণের এই মাত্রা দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত নানা রোগে মৃত্যুহার বাড়ছে। এর ফলে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। সোমবার সকালের লাইভ সূচকে দূষিত শহরের এই তালিকা প্রকাশ করা হয়।