রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

দিল্লিতে বায়ুদূষণ রোধে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৩:১৭ পিএম

দিল্লিতে বায়ুদূষণ রোধে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

দিল্লিতে বায়ুদূষণ

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করায় সরকারি দপ্তরের অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের চলাচল কমাতে দিল্লি সরকারের দুই মন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং নিজ নিজ অধীন দপ্তরের ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর জন্য এই নির্দেশনা জারি করেন।

শুক্রবার সকালে দিল্লির বায়ুমান সূচক বা একিউআই ৪০৩-এ পৌঁছালে বাতাসের মান মারাত্মক পর্যায়ে চলে যায়। পরে বিকেলে সূচক কিছুটা কমে ৩৭৩ হলেও তা অত্যন্ত খারাপ পর্যায়েই অবস্থান করে। ব্যক্তিগত ও দাপ্তরিক যানবাহনের চলাচল কমিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই নির্দেশনা মূলত দিল্লি সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর হবে। তবে হাসপাতালসহ অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে। বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের নির্দেশনা অনুযায়ী অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ ও পানির সরবরাহ, পরিচ্ছন্নতা এবং গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।

গত ৩০ অক্টোবর জারি করা নির্দেশনায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত দিল্লি এবং এর আশপাশের এনসিআর জেলাগুলোতে ৫০ শতাংশ কর্মী সশরীরে উপস্থিত থাকার নিয়ম করা হয়। দিল্লি ছাড়াও গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে এই ব্যবস্থা কার্যকর রয়েছে। জরুরি জনসেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কর্মীদের অফিসে ডাকার ক্ষমতা দপ্তরপ্রধানদের হাতে রাখা হয়েছে।