রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুই বাণিজ্যিক জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১২:১৭ পিএম

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুই বাণিজ্যিক জাহাজে আগুন

কৃষ্ণসাগর। ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরে রোমানিয়ার দানিউব নদীর মোহনার কাছে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে পৃথক দুটি ড্রোন হামলার পর জাহাজ দুটিতে আগুন ধরে গেলেও নাবিকদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এই আকস্মিক হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সময় রাত নয়টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার সুলিনা বন্দরের প্রায় চার নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে গ্রিসের পতাকাবাহী তেলবাহী জাহাজ এভিয়া পেট্রল ফাইভে আঘাত হানে একটি ড্রোন। এর প্রায় ৩৫ মিনিট পর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সুলিনা খালের দক্ষিণ-পূর্বে পাঁচ নটিক্যাল মাইল দূরে মারসোল নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে দ্বিতীয় ড্রোনটি আঘাত হানে। দুটি জাহাজেই আগুন ছড়িয়ে পড়লে নাবিকেরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলার ঘটনার সময় দেশটির সামরিক রাডারে স্নেক আইল্যান্ডের পূর্ব দিকে একটি আকাশপথের লক্ষ্যবস্তু শনাক্ত হয়। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণে ফেতেস্তির ৮৬তম বিমানঘাঁটি থেকে দুটি এফ-১৬ যুদ্ধবিমান আকাশে পাঠানো হয়। ইউক্রেনের সঙ্গে সীমান্ত থাকা এবং ন্যাটোর সদস্যদেশ রোমানিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেদের আকাশসীমার কাছাকাছি বিভিন্ন ধরনের ড্রোন হুমকির মুখে পড়ছে।

নিরাপত্তাঝুঁকির কারণে দেশটিকে প্রায়ই যুদ্ধবিমান মোতায়েন এবং নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। সর্বশেষ এই হামলার জন্য নির্দিষ্ট কোনো দেশ বা পক্ষ দায়ী কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রোমানিয়ার কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি