নভেম্বর ১৫, ২০২৬, ১১:০৯ এএম
ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীসহ পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার ইন্দুশেখর পুলিশকে বলেছেন, ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর তিনি এখন মানসিকভাবে শান্তিতে আছেন। স্ত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে দীর্ঘ দিন ধরে অপমান ও অসম্মান সহ্য করার প্রতিশোধ নিতেই তিনি এই নৃশংসতা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৫২ বছর বয়সী এই ক্যাবচালক পরিকল্পনা করে তাদের হত্যা করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকায় প্রায় তিন কোটি রুপি মূল্যের একটি সম্পত্তি নিয়ে বিরোধ এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কারণ। শাশুড়ির কাছে সম্পত্তির বড় অংশ দাবি করেছিলেন ইন্দুশেখর, কিন্তু তার শাশুড়ি দুই ছেলের স্বার্থ বিবেচনা করে কেবল ন্যায্য অংশ দিতে চেয়েছিলেন। এই ক্ষোভের জেরে হত্যাকাণ্ডের পর নিহতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে নেওয়ারও চেষ্টা করেন তিনি।
তদন্তে অভিযুক্তের মেয়েরও এই অপরাধে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মায়ের সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে তিনি বাবাকে সহযোগিতা করতে রাজি হয়েছিলেন বলে পুলিশের দাবি। হত্যাকাণ্ডের পর বাড়ির রক্তের দাগ মুছে ফেলা এবং মরদেহ সরিয়ে নিতে বাবাকে সাহায্য করেছিলেন ওই তরুণী।
গত ১৬ অক্টোবর শিলপাটা দিয়ে আঘাত করে স্ত্রী সুনীতাকে হত্যার মাধ্যমে ইন্দুশেখর এই নৃশংসতার সূচনা করেন এবং পরে নন্দী পাহাড়ের কাছে মরদেহ ফেলে আসেন। এর পরের দুই সপ্তাহে বিভিন্ন অজুহাতে পরিবারের অন্য সদস্যদের বাড়িতে ডেকে এনে একে একে হত্যা করা হয়। কখনো পানাহারের আয়োজন আবার কখনো বেড়াতে যাওয়ার কথা বলে তাদের আনা হতো বলে জানিয়েছে পুলিশ।
এই হত্যাকাণ্ডে প্রাণ হারানো সাতজন হলেন ইন্দুশেখরের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শংকর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী শিশু পুনীত। মরদেহগুলো বিভিন্ন স্থানে ফেলে দিয়ে পুলিশকে কখনোই ধরা পড়বেন না বলে মেয়েকে আশ্বস্ত করেছিলেন অভিযুক্ত। বেঙ্গালুরু পুলিশের এই চাঞ্চল্যকর মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন