রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

২০২৭ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে খেলবেন রিলি মেরেডিথ

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১০:২৫ এএম

২০২৭ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে খেলবেন রিলি মেরেডিথ

অস্ট্রেলিয়ার পেসার রিলি মেরেডিথ

অস্ট্রেলিয়ার পেসার রিলি মেরেডিথ ২০২৭ সালের টি-টোয়েন্টি ব্লাস্ট আসরে খেলার জন্য সমারসেটের সঙ্গে চুক্তি করেছেন। এর আগে ২০২৪ সালে এই ক্লাবে যোগ দিয়েছিলেন এই ডানহাতি পেসার।

সমারসেটের হয়ে এখন পর্যন্ত ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭ দশমিক ৯৪ গড়ে ৫৬টি উইকেট শিকার করেছেন ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার। গত বছর দলটির শিরোপা জয়েও তিনি রেখেছিলেন বড় অবদান।

অস্ট্রেলিয়ার জার্সিতে তিনটি ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ফাস্ট বোলার। ঘরোয়া ক্রিকেটেও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

ক্লাবের ক্রিকেট পরিচালক অ্যান্ডি হুরি বলেন, রিলি এমন একজন খেলোয়াড় যিনি দর্শকদের আসন থেকে উঠে দাঁড়াতে বাধ্য করেন। তার গতি এবং এক্স-ফ্যাক্টর আমাদের বোলিং আক্রমণকে আরও ধারালো করে তোলে।

তাসমানিয়ার এই ক্রিকেটার বিগ ব্যাশে হোবার্ট হারিকেনস এবং দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ার দলের হয়েও খেলেছেন। এছাড়া আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

মেরেডিথ জানান, টনটনে কাটানো সময়গুলো তিনি দারুণ উপভোগ করেছেন এবং ক্লাবের পরিবেশ তার ভীষণ পছন্দ। আগামী মৌসুমে তারা আবারও ট্রফি উঁচিয়ে ধরতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।