নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৫৩ এএম
অপরাধ দমন করতে গিয়ে উল্টো হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কোথাও দায়িত্ব পালনকালে মারধর, কোথাও আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ আক্রমণ, আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় একের পর এক এমন ঘটনায় প্রশ্ন উঠছে, কতটা নিরাপদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দশ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১৭৬টি। এসব ঘটনায় নিহত হয়েছেন চার পুলিশ সদস্য। গুরুতর আহত হয়েছেন ৩৭০ জন।
কখনো আন্দোলনের ভিড়ে, কখনো আসামি গ্রেপ্তার কিংবা টহল দিতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও ঘটছে এ ধরনের ঘটনা। অপরাধীদের হামলায় প্রাণহানির পাশাপাশি গুরুতর আহত হচ্ছেন অনেকে।
এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তবে পুলিশ সদরদপ্তর বলছে, অপরাধীরা পুলিশকে দুর্বল করে দিতে চাইলেও তাদের সেই চেষ্টা সফল হবে না।
এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি মিডিয়া কামারুম মুনিরা বলেন, পুলিশের মনোবল একদম মজবুত আছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এটি দমানো যাবে না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।
অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অনৈক্যকে কাজে লাগিয়ে এ ধরনের অপরাধ বাড়ছে। তাই শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, অপরাধ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও ন্যূনতম ঐকমত্য প্রয়োজন।
অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিস বা সদস্যদের লক্ষ্য করে হামলা এবং বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, মতবিরোধ বা দূরত্ব থাকলেও সমাজ ও দেশের নিরাপত্তার প্রশ্নে তাদের ন্যূনতম ঐক্য বজায় রাখা জরুরি। রাজনৈতিকভাবে এ ধরনের সহিংসতা মোকাবিলার উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট ও টহল টিমের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই অপরাধ বিশ্লেষক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন