শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৩৩ পিএম

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। অভিজ্ঞ এই নাগরিকদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানীজুড়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, এই কার্যক্রম সফল করতে রাজধানীকে অঞ্চলভিত্তিক ভাগ করে ২০টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা যুক্ত রয়েছেন। ইতোমধ্যে এই কমিটিগুলো রাজধানীর ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছে।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করা না হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। এছাড়া চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে পৃথক একটি ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে শুধু দক্ষিণ ঢাকায় এমন ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও তা চালুর উদ্যোগ চলছে।

অতীতে বিভিন্ন সরকারের প্রতিশ্রুতির কথা টেনে তিনি আরও বলেন, অন্য সরকারের মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানানোর বড় কথা বলা হচ্ছে না। বর্তমান সরকার ঢাকাকে কেবল একটি বাস্তবসম্মত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই কেবল কাঙ্ক্ষিত পরিচ্ছন্ন ও সবুজ রাজধানী অর্জন করা সম্ভব বলে জানান তিনি।