শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে জামায়াতের সমর্থন ও তহবিলের স্বচ্ছতার দাবি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৭:১৭ পিএম

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে জামায়াতের সমর্থন ও তহবিলের স্বচ্ছতার দাবি

তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনস্থলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমর্থন জানানো হয়। তবে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুত অর্থ যেন ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায় এবং এর দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত হয়, সেই দাবি জানিয়েছে দলটি।

একই সঙ্গে বরাদ্দকৃত অর্থের স্বচ্ছতা রক্ষায় নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি জানান, অতীতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই ভবিষ্যতে আসার অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর নেতিবাচক প্রভাব দেশের ওপর সবচেয়ে বেশি পড়ছে। বিগত সম্মেলনগুলোতে প্রতিশ্রুত তহবিলের ৯ শতাংশেরও কম অর্থ বাংলাদেশ পেয়েছে এবং তার বেশিরভাগই এসেছে ঋণ হিসেবে। তাই ভবিষ্যতে ঋণভিত্তিক তহবিলের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায় এ সময় জামায়াতের পক্ষ থেকে থ্রি জিরো ভিশন তুলে ধরা হয়। এর আওতায় রয়েছে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। কপ৩১-এর বিভিন্ন সাইড ইভেন্টে এই ভিশন তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন কোনো রাজনৈতিক বা দলীয় ইস্যু নয়। এই সংকট মোকাবিলায় সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কপ৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান।