শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
দ্বিপক্ষীয় বৈঠক

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠকে হজযাত্রী কোটা বাড়ানোর আশ্বাস

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৫:৪৫ পিএম

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠকে হজযাত্রী কোটা বাড়ানোর আশ্বাস

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে, কোনো দেশ তাদের জন্য বরাদ্দকৃত হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে বা সম্পূর্ণ ব্যবহার করতে না পারলে, সেই অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে সৌদি মন্ত্রী ইতিবাচক আশ্বাস প্রদান করেন। তিনি জানান, এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় সৌদি মন্ত্রী স্পষ্ট করে বলেন যে বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, তারা তাই করবেন। তিনি দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও ব্যক্ত করেন।

বৈঠকে সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে বাংলাদেশের পক্ষে অংশ নেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর ও কনসাল পদমর্যাদার হজ কর্মকর্তারা।

এই বৈঠক বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।