নভেম্বর ১৪, ২০২৬, ০৪:৪৯ পিএম
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে যৌথ এই অভিযান চালানো হয়। সৌদি আরবের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়নি।
তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তিতে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে আটকের পর তাদের হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়। পরে প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সামাজিক মূল্যবোধবিরোধী অপরাধ দমন ও কমিউনিটির নিরাপত্তা জোরদারে দেশটির পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সৌদি আরবে পতিতাবৃত্তি ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত কঠোর আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। অপরাধ প্রমাণিত হলে কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। বিচার প্রক্রিয়া ও সাজা ভোগ শেষে প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতে পারে।
তবে গ্রেপ্তার হওয়া এই ছয় নারীর সুনির্দিষ্ট শাস্তি বা অভিযোগের বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: সৌদি গেজেট

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন