নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৪৯ পিএম
পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফল ভালো হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিকেল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রেখেই উপাচার্যের প্রতি এই সময় বাড়ানোর অনুরোধ জানান তিনি।
সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তবে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও যেন ভর্তির আবেদনের সুযোগ পায়, সে জন্য সময়সীমা আরও কিছু দিন বাড়ানো প্রয়োজন। এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম ২৩ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে এবং ওই দিনই ফলাফল প্রকাশিত হবে।
এই সময়ের মধ্যে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা যাতে বঞ্চিত না হয়, সে বিষয়টি বিবেচনা করতে হবে।
এবারের এইচএসসি পরীক্ষার প্রসঙ্গ টেনে তিনি জানান, পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তিত হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী নতুন করে পাস করেছে এবং তিন হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে। এ বছর জাতীয় সংসদে আইন সংশোধন করে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের নতুন ব্যবস্থা চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও জানান, যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফল ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার পর উত্তীর্ণ শিক্ষার্থীরা আসন খালি থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন