নভেম্বর ১৪, ২০২৬, ০৩:২৫ পিএম
বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ক্রমান্বয়ে শক্তি অর্জন করে এটি নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সিস্টেমটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সকালে দক্ষিণ বঙ্গোপসাগরে এই রূপ নেয়।
এর আগে শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল বলে জানান আবহাওয়াবিদ মোড় ওমর ফারুক। তিনি গণমাধ্যমকে জানান, এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। নিম্নচাপ সৃষ্টি হলে এর গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। প্রাথমিকভাবে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার দুপুরে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, বর্তমানে সাগরের সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান এই অবস্থান থেকে এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এটি আরও বেশি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।
সিস্টেমটি সরাসরি দেশের উপকূলে আঘাত করুক কিংবা না করুক, এর পরোক্ষ প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ব্যাপক আশঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন