নভেম্বর ১৩, ২০২৬, ০৬:২১ পিএম
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট এই লঘুচাপটি ঘণীভূত হতে পারে।
এই পরিস্থিতিতে আগামী বুধবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উল্লেখিত পাঁচ দিনে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পরবর্তীতে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি নিম্নচাপে পরিণত হলেই কেবল এর সুনির্দিষ্ট গতিপথ ও কোন দিকে অগ্রসর হবে তা পরিষ্কার বোঝা যাবে।
উল্লেখ্য, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন