নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৪৬ পিএম
নীলফামারীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটা থেকে একাদশ ঘটিকা পর্যন্ত নীলফামারী শহর শাখার আয়োজনে জেলার চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির মোট চার হাজার ৩৮৬ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রগুলো ছিল—নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী কামিল এম.এ (আলিয়া) মাদ্রাসা এবং সৈয়দপুরের আল ফারুক একাডেমি।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম, মাওলানা আন্তাজুল ইসলাম, নুরুল হুদা, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আহমদ রায়হানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা পরিচালনা পর্ষদের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় ল্যাপটপ। এ ছাড়া প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হবে। পাশাপাশি ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তি, আর্থিক অনুদান, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।
এ ধরনের শিক্ষামূলক আয়োজনকে সাধুবাদ জানিয়ে অভিভাবক দীপক রায় জানান, কিশোরকণ্ঠের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর এমন সুন্দর আয়োজন করায় অভিভাবকরা দারুণ আনন্দিত ও উৎসাহিত। আরেক অভিভাবক জহুরুল ইসলাম বলেন, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি চমৎকার মাধ্যম এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখা দরকার।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী মামুন ইসলাম জানায়, এই পরীক্ষায় অংশ নিয়ে সে ও তার বন্ধুরা অনেক কিছু শিখতে পেরেছে এবং এ ধরনের আয়োজন তাদের পড়াশোনার স্পৃহা বাড়িয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।
এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী শহর শাখার চেয়ারম্যান মো. সেলিমুদ্দিন ইসলাম জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এই আয়োজনের মূল লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন