শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
ইসলামিক জীবনধারা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৫২ পিএম

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

ইসলাম ধর্মে আজান শোনার পর তার জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি সুন্নাহ। তবে মুসলিম সমাজের একটি বড় অংশ আজান শুনলেও এর জবাব দেওয়ার গুরুত্ব ও নিয়ম সম্পর্কে অজ্ঞতার কারণে এ আমল থেকে দূরে রয়েছেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে প্রচারিত ‘হারিয়ে যাওয়া সুন্নাহ’ সিরিজের ১১তম পর্বের এক বিশেষ আয়োজনে আজানের জবাব দেওয়ার এই সুন্নাহ পুনরুজ্জীবিত করার আলোচনায় এ কথাগুলো বলেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

আজানের জবাবের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে তিনি বলেন, সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলো।” অর্থাৎ আজানের জবাব দাও। অন্য এক হাদিসে এসেছে, মুয়াজ্জিন যা বলেন, তার প্রতি পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে কেউ যদি একই কথা বলে আজানের জবাব দেন, তবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।

এ ছাড়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত হাদিস অনুযায়ী, আজানের জবাব দেওয়ার পর রাসূলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ পাঠ এবং তাঁর জন্য ওয়াসিলা বা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করলে তাঁর সুপারিশ পাওয়ার অধিকার অর্জিত হয়।

যেভাবে দিতে হবে আজানের জবাব—হাদিসের আলোকে এর সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মুয়াজ্জিন যখন ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলবেন, শ্রোতাকেও একইভাবে তা বলতে হবে। একইভাবে শাহাদতের বাক্যগুলোর জবাবেও অনুরূপ বলতে হবে। তবে এ সময় আঙুলে চুমু দিয়ে চোখে লাগানোর যে প্রচলন সমাজে দেখা যায়, তার কোনো ভিত্তি বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না। অন্যদিকে, মুয়াজ্জিন যখন ‘হাইয়া আলাস সালাহ’ ও ‘হাইয়া আলাল ফালাহ’ বলবেন, তখন জবাবে ‘লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলতে হবে।

ফজরের আজানে ‘আসসালাতু খাইরুম মিনান নাওম’ শোনার পর অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, এর জবাবেও অনুরূপ বাক্য বলাই সুন্নাহ। আর ইকামতের সময় ‘কাদ কমাতিস সালাহ’ বলার জবাবে বিভিন্ন ফিকাহর গ্রন্থে বিশেষ বাক্যের কথা থাকলেও বিশুদ্ধ হাদিস দ্বারা তা প্রমাণিত নয়; তাই এ ক্ষেত্রে ‘কাদ কমাতিস সালাহ’ বলাই অধিকতর সঠিক।

পূর্বসূরি তাবেঈ ও সাহাবিগণের আমল স্মরণ করিয়ে দিয়ে শায়খ আহমাদুল্লাহ জানান, তাঁরা আজান চলাকালীন কুরআন তিলাওয়াতের মতো সম্পূর্ণ নীরব থাকতেন এবং কথাবার্তা বন্ধ রেখে মুয়াজ্জিনের কথার সঙ্গে সঙ্গে জবাব দিতেন। তাই আজান চলাকালীন অপ্রয়োজনীয় কথা বলা কিংবা অন্যমনস্ক থাকা থেকে বিরত থাকা উচিত। তিনি দৈনিক পাঁচ ওয়াক্ত আজানের যথাযথ জবাব দেওয়ার এই সুন্নাহ নিজেদের জীবনে বাস্তবায়ন এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার জোরালো আহ্বান জানান।