নভেম্বর ১০, ২০২৬, ১২:৪৯ পিএম
মানুষ রাগ, ক্ষোভ কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে অনেক সময় অন্যকে অভিশাপ দিয়ে থাকে। কারও ক্ষতি, ধ্বংস কিংবা তার ওপর আল্লাহর গজব নেমে আসুক—এমন কামনাও করেন অনেকে। তবে ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে কাউকে অভিশাপ দেওয়া একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। এমনকি অভিশাপের পরিণতি নিজের দিকেও ফিরে আসতে পারে বলে বিভিন্ন হাদিসে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
ইসলামে একজন মুসলমানের জন্য অন্য মুসলমানকে অভিশাপ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি নির্দিষ্ট কোনো অমুসলিমকেও অভিশাপ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অন্যকে কষ্ট দেওয়া কিংবা তার ক্ষতি কামনা করা কোনো মুমিনের চরিত্রের সঙ্গে যায় না। ভুলবশত কাউকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উত্তম। একইভাবে কেউ অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেওয়াকে মহৎ গুণ হিসেবে বিবেচনা করেছে ইসলাম।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো; যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান করো এবং যে তোমার প্রতি জুলুম করে, তুমি তাকে ক্ষমা করো। অভিশাপ দেওয়া কখনোই মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, মুমিন কখনো অভিসম্পাতকারী হয় না। অন্য এক হাদিসে তিনি সাহাবিদের উদ্দেশে বলেছেন, তোমরা পরস্পর আল্লাহর লানত, তাঁর গজব ও জাহান্নামের অভিশাপ দেবে না।
শুধু দুনিয়াতেই নয়, আখেরাতেও অভিশাপকারীদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন অভিশাপকারীরা সুপারিশ করতে পারবে না এবং সাক্ষ্যও দিতে পারবে না। হাদিসে অভিশাপের পরিণতি সম্পর্কে আরও কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কোনো বান্দা কাউকে অভিশাপ দিলে তা আকাশের দিকে উঠে যায়। কিন্তু আকাশের দরজা বন্ধ পেলে তা পৃথিবীর দিকে নেমে আসে। সেখানেও দরজা বন্ধ পেলে তা ডানে-বাঁয়ে ঘুরতে থাকে। পরে অভিশাপের উপযুক্ত ব্যক্তিকে পেলে তার ওপর পতিত হয়। আর ওই ব্যক্তি অভিশাপের যোগ্য না হলে তা অভিশাপকারীর দিকেই ফিরে আসে।
প্রাকৃতিক কোনো বিষয় বা বস্তুকে অভিশাপ দেওয়ার ক্ষেত্রেও কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি (সা.)। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি বাতাসকে অভিশাপ দিলে রাসুলুল্লাহ (সা.) তাকে তা করতে নিষেধ করেন। তিনি জানান যে বাতাস আল্লাহর নির্দেশে পরিচালিত হয়। কেউ কোনো বস্তুকে অভিশাপ দিলে সেটি যদি ওই অভিশাপের উপযুক্ত না হয়, তবে অভিশাপটি অভিশাপকারীর নিজের দিকেই ফিরে আসে। তাই যেকোনো পরিস্থিতিতে রাগ সংবরণ করে ইসলাম নির্দেশিত পথে চলা ও ক্ষমাশীল হওয়া প্রতিটি মুমিনের জন্য একান্ত কর্তব্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন