নভেম্বর ১০, ২০২৬, ১২:৩৯ পিএম
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। নিতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক সিনেমায় তার চরিত্র ও সাজসজ্জা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সিনেমাটিতে রাবণকে পর্দায় জীবন্ত করে তুলতে তার সাজসজ্জায় রাখা হয়েছে বিশেষ চমক। তবে সেই জমকালো সাজ ফুটিয়ে তুলতে অভিনেতাকে বেশ বড় শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, সিনেমাটির কস্টিউম ডিজাইনার সানিয়া সারধারিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাবণের চরিত্রে যশের অধিকাংশ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। এর সঙ্গে যুক্ত ছিল বিভিন্ন গয়না ও অন্যান্য অনুষঙ্গ। তবে বিশেষ কিছু দৃশ্যের জন্য যশকে আরও অনেক ভারী পোশাক পরতে হয়েছে।
বিশেষ করে লঙ্কার সঙ্গে সম্পর্কিত রাবণের বিশেষ দৃশ্য, তার বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানের দৃশ্যে যশের পরিধান করা পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি।
শুধু পোশাকই নয়, রাবণের মুকুটের ওজনও ছিল বেশ বেশি। ডিজাইনার জানান, মুকুটটি তৈরি করাই ছিল পুরো কাজের অন্যতম কঠিন অংশ। মাথায় দীর্ঘ সময় ধরে সামান্য অতিরিক্ত ওজনও বহন করা কঠিন হওয়ায় মুকুটটির নকশা চূড়ান্ত করার আগে একাধিক থ্রিডি নমুনা তৈরি করা হয়েছিল।
পরবর্তীতে সেটির ওজন কমানোর জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। সব চেষ্টার পর মুকুটটির চূড়ান্ত ওজন দাঁড়ায় ১.৮ কেজি। ডিজাইনারের মতে, এর চেয়ে হালকা করা কোনোভাবেই সম্ভব ছিল না।
ভারী পোশাক ও মুকুটের কারণে শুটিংয়ের সময় যশের চলাফেরাও বেশ সীমিত হয়ে পড়েছিল। দীর্ঘ সময় ধরে এত ভারী পোশাক ও মুকুট পরে কাজ করা শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।
তবে অভিনেতা যশ এই পরিস্থিতি সম্পূর্ণ হাসিমুখেই সামলেছেন। শুটিংয়ের ফাঁকে পোশাকের ধারালো অংশগুলো নিয়ে তিনি মাঝেমধ্যে সহকর্মীদের সঙ্গে রসিকতাও করতেন।
উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে। নমিত মালহোত্রা প্রযোজিত এই মহাকাব্যিক সিনেমায় সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান ও হ্যান্স জিমার। দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৮ সালে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন