নভেম্বর ১০, ২০২৬, ১২:৩৩ পিএম
তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশাব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে। এমন সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে পরিবেশবান্ধব বা গ্রিন প্রাইম মিনিস্টার হিসেবে সমাদৃত উল্লেখ করে তিনি বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ, পাঁচ বছরের খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি বিষয়ে তার যে পদক্ষেপ, তার ধারাবাহিকতায় বিশ্ব কপ-৩১ কনফারেন্সে তার এই অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য ঘটনা। তিনি ক্ষমতায় আসার আগেই নির্বাচনী অঙ্গীকারে এসব কথা বলেছিলেন এবং দায়িত্ব গ্রহণের পরদিনই তা বাস্তবায়ন শুরু করেছেন।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীতে ভয়ঙ্কর গরম ও তাপমাত্রা বৃদ্ধির কারণে মানবজাতি বিপন্ন অবস্থায় পড়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এ রকম একটি পরিস্থিতিতে এই কনফারেন্সে যোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কনফারেন্সের মাধ্যমে পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের প্রভাব কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন এবং এর মাধ্যমে একটি সমাধান বেরিয়ে আসবে।
তিনি আরও বলেন, আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে হবে। এই ভয়ংকর বৈশ্বিক উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচিয়ে আগের স্বাভাবিক জলবায়ু অবস্থায় ফিরিয়ে আনতে হবে। কার্বন ডাই-অক্সাইড হ্রাসে বৈশ্বিক যে হিস্যা, তা এই সম্মেলনের মাধ্যমে নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের আন্তরিক প্রচেষ্টা এবং সরকারপ্রধান তারেক রহমানের অবদানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা বুঝে পাবে বলে তিনি মন্তব্য করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন