নভেম্বর ১০, ২০২৬, ১১:৩১ এএম
ইরানে আপাতত নতুন করে সামরিক হামলা চালাতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নতুন হামলা না চালানোর আহ্বান জানিয়েছে।
সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা জানান। তিনি জানান, আপাতত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে, তবে নতুন করে হামলা চালানোর প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। ইরান যুদ্ধ বন্ধের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। গত সপ্তাহে তেহরান সফরের পর কাতারের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে যান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার।
তবে শিগগিরই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ইরানের যুদ্ধবিরতির শর্তগুলোকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিতে হবে এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, বিনিময়ে হরমুজ প্রণালিতে নিজেদের অবরোধ বন্ধ করবে তেহরান এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে পরবর্তী পর্যায়ে। ইরানের প্রস্তাবকে সবচেয়ে যুক্তিসংগত বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা গ্রহণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এদিকে যুদ্ধের মধ্যে সামরিক তৎপরতাও চলছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, রোববার রাতে দেশটির কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা সেবা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, উপসাগর ও হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা অব্যাহত রয়েছে এবং গত দশ দিনে এগারোটি ট্যাংকার অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন