নভেম্বর ১০, ২০২৬, ০৯:৪১ এএম
সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার ফলে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। তবে সাম্প্রতিক এই হামলার পেছনে কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদির পশ্চিমাঞ্চলের মদিনা প্রদেশের আল ধিকরা এলাকায় হামলার পর পাইপলাইনে মেরামতকাজ ও বিকল্প পথ বা বাইপাস নির্মাণের কাজ শুরু হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে।
সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের চলমান সংঘাতের মাঝেই এই হামলার ঘটনা ঘটল। এর আগে গত সেপ্টেম্বরেও ড্রোন হামলার শিকার হয়েছিল পাইপলাইনটি, যার জন্য ইরাক থেকে ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছিল সৌদি আরব। অতীতেও হুথি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের তেল অবকাঠামো, শোধনাগার এবং সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের ক্ষেত্রে এই পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত থাকায় বৈশ্বিক জ্বালানি সংকট আরও গভীর হয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকেই পাইপলাইনটি বেশ কয়েক দফা হামলার মুখে পড়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টির পর থেকে সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে রাজধানী রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ বা ৭৪৫ মাইলের এই পাইপলাইনটি দিয়ে সরবরাহ করা তেল বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।
তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন