নভেম্বর ১০, ২০২৬, ০৯:২৫ এএম
নড়াইল জেলায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হলেও নতুন ধান বাজারে উঠতে না উঠতেই দাম কমতে শুরু করেছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় জেলার চাষিদের মাঝে চরম হতাশা ও উদ্বেগ ভর করেছে। জেলার সবচেয়ে বড় পাইকারি ধানের হাটে গত বছরের তুলনায় মণপ্রতি অন্তত ২০০ থেকে ২৫০ টাকা কম দরে ধান বিক্রি হতে দেখা গেছে। পুরোদমে ধান কাটা শুরু হলে বাজারে সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম আরো কমার আশঙ্কায় চাষিরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমি থেকে ২ লাখ ৬ হাজার ৬৮৭ টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ২০ শতাংশ জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে পাকা ধানের সোনালি হাতছানি এবং আগাম জাতের চিকন ধান কাটা শুরু হলেও বাজারে ধানের দাম কমে যাওয়ায় চাষিদের মুখে হাসি নেই।
জমিতে ভালো ফলন হলেও তুলারামপুর হাটে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। হাটে নতুন ব্রি-ধান ৭৫, ব্রি-ধান ৭১, ধানীগোল্ড এবং বিগত বোরো মৌসুমে উৎপাদিত চিকন রড মিনিকেট ধানের প্রচুর সরবরাহ রয়েছে। ধারদেনা ও শ্রমের মজুরির টাকা পরিশোধসহ জরুরি প্রয়োজন মেটাতে চাষিরা নতুন ধান হাটে নিয়ে আসছেন। নতুন ধানের প্রভাবে বাজার আরো পড়ে যাওয়ার শঙ্কায় চাষিরা ঘরে মজুত রাখা পুরোনো বোরো ধানও বাজারে ছাড়ছেন।
হাটে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন ১৬, ১৯ ও ধানীগোল্ড ধান ১,১৫০ থেকে ১,১৮০ টাকা এবং পুরোনো রড মিনিকেট ১,২৮০ টাকা মণে বিক্রি হচ্ছে। এই দাম গত বছরের তুলনায় অনেক কম। কৃষকদের প্রধান অভিযোগ, সেচ, সার ও কীটনাশকসহ কৃষি উপকরণের উচ্চমূল্যের বাজারে যে দাম পাওয়া যাচ্ছে, তাতে তাদের উৎপাদন খরচই উঠছে না।
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানিয়েছেন, মৌসুমজুড়ে পর্যাপ্ত বৃষ্টিপাত ও পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার হাইব্রিড ও স্থানীয় জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ কমাতে কৃষি বিভাগ জৈব বালাই ব্যবস্থাপনা ও সৌরচালিত সেচ ব্যবস্থা ব্যবহারে চাষিদের উদ্বুদ্ধ করছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন