সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

রাজশাহীতে সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

কৃষি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৮:০১ পিএম

রাজশাহীতে সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধের প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পাওয়ার অভিযোগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন চার শতাধিক কৃষক। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। কৃষকদের এই আকস্মিক অবস্থানে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৩০ মিনিট যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। পরে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের আশ^াস দেওয়া হলে কৃষকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষোভের কারণ শোনেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কৃষকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুত পর্যাপ্ত সার সরবরাহের আশ্বাস দিলে তারা শান্ত হন এবং মহাসড়ক ছেড়ে চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান রয়েছে। মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুত ছিল, যা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান বিক্রি করেন। বিকেলে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরও ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা নির্ধারিত ছিল। তবে ডিলারদের গুদামে থাকা মোট মজুতের তুলনায় উপস্থিত কৃষকের সংখ্যা অনেক বেশি হওয়ায় সবাই সার পাবেন না—এমন আশঙ্কা থেকে তারা বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তীতে সড়ক অবরোধ করেন।

সার সংকটের কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন ডিলার হাবিবুর রহমান। তবে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও ডিলারশিপের বিরোধের কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন ডিলারশিপের জন্য আবেদন করে তা না পাওয়ায় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম পরিস্থিতি ঘোলাটে করতে কৃষকদের উসকে দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন। ডিলারশিপটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক পেয়েছেন বলে জানান তিনি।

তবে ডিলারের আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, তিনি উল্টো কৃষকদের শান্ত করতে গিয়ে নিজে লাঞ্ছিত হয়েছেন, গালাগাল শুনেছেন এবং ধাক্কা খেয়েছেন। সেখানে চার থেকে পাঁচশ কৃষক বিক্ষোভ করায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, কৃষকদের কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং তারা পর্যাপ্ত সারের দাবি জানিয়েছেন। চাষাবাদ শুরু করা কৃষকদের তালিকা প্রশাসনের কাছে রয়েছে এবং সেই তালিকা অনুযায়ী সঠিক প্রক্রিয়ায় সবাইকে সার সরবরাহ করা হবে বলে কৃষকদের আশ্বস্ত করা হয়েছে।