সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

এআই চিপ বাজারে এনভিডিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ব্রডকম

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৭:৪৯ পিএম

এআই চিপ বাজারে এনভিডিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ব্রডকম

কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ বাজারে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্রডকমের ভূমিকা বাড়ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবে সেমিকন্ডাক্টর বাজারে এতদিন একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে এনভিডিয়া। জেনারেটিভ এআই মডেল তৈরিতে কোম্পানিটির গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ অপরিহার্য অবকাঠামোগত ভিত্তি হিসেবে কাজ করছে। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের নজর এখন এএমডি বা ইন্টেলের মতো প্রতিযোগীদের দিকে। তবে বাজার বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার প্রকৃত এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে সম্পূর্ণ ভিন্ন ধারার একটি কোম্পানি, যার নাম ব্রডকম।

এআই খাতের বড় প্রতিষ্ঠানগুলো খরচ কমানো এবং নির্দিষ্ট কাজের জন্য পারফরম্যান্স অপ্টিমাইজ করতে অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট বা এএসআইসি নামক নিজস্ব প্রসেসর তৈরি করছে। এই বিশেষায়িত প্রসেসর তৈরিতে সহায়তা করছে ব্রডকম। একই সঙ্গে ডেটা সেন্টারের ভেতরের চিপগুলোর ক্লাস্টার সংযোগের জন্য নেটওয়ার্কিং প্রযুক্তিও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। আলফাবেট, মেটা প্ল্যাটফর্মস, ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্রডকমের এআই চিপ গ্রাহক হিসেবে যুক্ত রয়েছে।

আলফাবেট তাদের সপ্তম প্রজন্মের আয়রনউড প্রসেসরসহ টেন্সর প্রসেসিং ইউনিট বা টিপিইউ তৈরিতে ব্রডকমের সঙ্গে কাজ করছে। এসব চিপ গুগল ক্লাউডকে সমর্থন করে এবং অ্যানথ্রপিকের জন্যও এগুলো ব্যবহৃত হচ্ছে। ব্রডকমের প্রত্যাশা, অ্যানথ্রপিক ২০২৭ সালে ৫ গিগাওয়াট এবং ২০২৮ সালে অতিরিক্ত ১০ গিগাওয়াট অষ্টম প্রজন্মের টিপিইউ ভিএইটআই ক্ষমতা মোতায়েন করবে। অন্যদিকে মেটাও তাদের নিজস্ব মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাক্সিলারেটর বা এমটিআইএ প্রসেসরের জন্য ব্রডকমের সঙ্গে সহযোগিতা করছে।

গত অক্টোবরে ব্রডকম এবং ওপেনএআই ঘোষণা দিয়েছে যে, তারা ২০২৮ সালের শেষ নাগাদ ৫ গিগাওয়াট এক্সপিইউ মোতায়েন করার পরিকল্পনা করছে। ওপেনএআইয়ের প্রথম প্রসেসর, যার কোড-নাম জালাপেনো, সেটি ২০২৭ সালে ১.৩ গিগাওয়াট মোতায়েন প্রক্রিয়ায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এই অংশীদারিত্বগুলো প্রমাণ করে যে ব্রডকম কেবল আলাদা কোনো সেমিকন্ডাক্টর চুক্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে না, বরং বিশ্বের বৃহত্তম এআই ডেভেলপারদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে।

কাস্টম সিলিকনের চাহিদা বাড়ার প্রভাব পড়েছে ব্রডকমের আর্থিক ফলাওয়ালেও। কোম্পানির অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এআই সেমিকন্ডাক্টর থেকে রাজস্ব তিনগুণের বেশি বেড়ে ১৬ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার প্রায় ৭৩ শতাংশই এসেছে কাস্টম চিপ থেকে। চতুর্থ প্রান্তিকে এই খাত থেকে রাজস্ব ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ অর্থবছরে এআই সেমিকন্ডাক্টর রাজস্ব প্রায় ১১৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে এবং ২০২৮ অর্থবছরে তা দ্বিগুণ হয়ে ২৩০ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।

বিশেষায়িত প্রসেসরগুলো পুনরাবৃত্তিমূলক কাজের জন্য খুবই আকর্ষণীয় হতে পারে, কারণ এগুলো নির্দিষ্ট প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তৈরি করা হয়। ফলে কাস্টম সিলিকন ডেটা সেন্টারের বাজেটে এনভিডিয়ার জিপিইউর সঙ্গে তীব্র প্রতিযোগিতা গড়ে তুলতে পারে। তবে ব্রডকমের সুবিধা হলো, তারা কাস্টম প্রসেসরের পাশাপাশি ইথারনেট সুইচিং এবং অপটিক্যাল কানেক্টিভিটির মতো নেটওয়ার্কিং প্রযুক্তিতেও বিশেষ পারদর্শী, যা এআই অ্যাক্সিলারেটর সংযুক্ত রাখতে অত্যন্ত জরুরি।

এর অর্থ দাঁড়ায়, এনভিডিয়াকে সম্পূর্ণভাবে হটিয়ে না দিয়েও ব্রডকম এআই চিপ বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারে। এআই অবকাঠামো এবং গ্রাহক সম্পর্কের ওপর ভিত্তি করে এই পরিবর্তন আরও গতিশীল হয়ে উঠছে। যেসব দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী এনভিডিয়ার একটি বিকল্প খুঁজছেন, তাদের জন্য ব্রডকম একটি উল্লেখযোগ্য বিবেচনা হতে পারে।