নভেম্বর ৯, ২০২৬, ০৭:২৫ পিএম
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় চারটি হোটেল ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনে নানা অনিয়ম পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানগুলোকে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
অভিযানের সময় ‘বিসমিল্লাহ হোটেল’-এ গিয়ে দেখা যায়, ময়লা-আবর্জনার সঙ্গে মরিচ শুকানো হচ্ছে। খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ শিল্পলবণ। এমনকি ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছিল। খাবার তৈরি ও সংরক্ষণেও সেখানে চরম অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছিল। এছাড়া এই হোটেলের খাবার খেয়ে এর আগে পাঁচজন অসুস্থ হওয়ার তথ্যও রয়েছে।
তালিকায় থাকা আরেক প্রতিষ্ঠান ‘গ্রামীণ ফুডস’-এর ফ্রিজে দীর্ঘদিনের পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা মেয়াদের তথ্য ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল। বিদেশি চকলেট ও খাদ্যপণ্য আমদানির প্রয়োজনীয় প্রমাণক ছাড়াই তা মজুত ও বাজারজাত করার তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে একাধিকবার জরিমানা করার রেকর্ড রয়েছে।
এদিকে ‘মৌবন ফুডস’-এ তৈরি খাবারের মধ্যে পোকা পাওয়া গেছে। খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ ছিল না। অন্যদিকে ‘হোটেল স্টার’-এর ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা হচ্ছিল। অপরিচ্ছন্ন হাতে ও টেবিলে খাবার প্রস্তুত করা এবং পত্রিকার কালি লাগানো কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণ করতে দেখা যায়। অভিযানের সময় এই চার প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও নজরে আসে।
সংশ্লিষ্ট অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ‘বিসমিল্লাহ হোটেল’কে ১ লাখ টাকা এবং একই আইনের ৩৩ ধারায় ‘গ্রামীণ ফুডস’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ‘মৌবন ফুডস’কে ৫ হাজার টাকা এবং ‘হোটেল স্টার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যের মান নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
অভিযানের পর প্রতিষ্ঠানগুলোর মালিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার চারটি প্রতিষ্ঠানে অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য কর্মকর্তার পাশাপাশি আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোেনাজুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পুরো কার্যক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন