নভেম্বর ৯, ২০২৬, ০৫:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যানোনিও শহরে আনুষ্ঠানিকভাবে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করেছে শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। স্থানীয় সময় সোমবার সকাল ৫টা থেকে এই সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে টেক্সাসের আরও একটি বড় শহরে নিজেদের স্বয়ংক্রিয় রাইড-হেইলিং নেটওয়ার্ক সম্প্রসারণ করল প্রতিষ্ঠানটি। মূলধারার গাড়ি প্রস্তুতকারক হিসেবে পরিচিতির বাইরে নিজেদের অবস্থান তৈরি এবং ওয়াইমোর মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় টেসলা জানায়, নির্ধারিত সময় থেকে সান অ্যানোনিওতে গ্রাহকদের জন্য রোবোট্যাক্সি উপলব্ধ করা হয়েছে। তবে এই সেবার অপারেশনাল সময়সূচি, বহরে কোন মডেলের গাড়ি ব্যবহার করা হচ্ছে কিংবা গাড়িতে কোনো মানব নিরাপত্তা পর্যবেক্ষক রাখা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ধারণা করা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক গাড়ি এবং নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে এই সেবা পরিচালনা করা হবে এবং পরবর্তীতে ধীরে ধীরে পরিধি বাড়ানো হবে।
টেক জায়ান্টটির প্রধান নির্বাহী ইলন মাস্ক দীর্ঘ দিন ধরেই স্বয়ংক্রিয় যানবাহন চালুর প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। এর অংশ হিসেবে ২০২৫ সালের জুনে অস্টিন শহরে প্রথম সীমিত পরিসরে রোবোট্যাক্সি সেবা চালু করা হয়েছিল। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে অস্টিনের রোবোট্যাক্সিগুলো থেকে নিরাপত্তা পর্যবেক্ষক সরিয়ে পুরোপুরি চালকবিহীন সেবা শুরু করা হয়। এর পর থেকেই ফ্লোরিডা ও টেক্সাসের বিভিন্ন শহরে এই নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে মিয়ামি, অরল্যান্ডো, ডালাস, ফোর্ট ওয়ার্থ এবং হিউস্টনের মতো শহরগুলোর নির্দিষ্ট কিছু এলাকায় এই সেবা চালু রয়েছে।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওয়াইমোর রোবোট্যাক্সি সেবাও সান অ্যানোনিও, অস্টিন, ডালাস এবং হিউস্টন শহরে চালু রয়েছে। আলফাবেটের সহযোগী এই প্রতিষ্ঠানটি চালকবিহীন জাগুয়ার আই-পেস এবং জিকার আরটি যান ব্যবহার করে সেবা পরিচালনা করে থাকে। ফোর্ট ওয়ার্থ ও অস্টিনের মতো সান অ্যানোনিওতেও টেসলার এই রোবোট্যাক্সি সেবা বিস্তারের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তির প্রতিযোগিতা আরও জোরদার হলো। বিশেষ করে ক্যামেরা এবং এন্ড-টু-এন্ড কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে নিরাপদভাবে চালকবিহীন যান পরিচালনার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
টেসলার এই রোবোট্যাক্সি কার্যক্রমের সম্প্রসারণ সত্ত্বেও প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক নিয়ে নানা আলোচনা রয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থ প্রদানকারী যাত্রীদের নিয়ে টেসলার রোবোট্যাক্সিগুলো প্রথম প্রান্তিকের তুলনায় কম দূরত্ব অতিক্রম করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তা সত্ত্বেও ইলন মাস্কের ভবিষ্যৎ রূপকল্প এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভিং ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে সান অ্যানোনিওসহ বিভিন্ন শহরে এই সেবা কার্যক্রম দ্রুত এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এলাকায় টেসলার রাইড-হেইলিং সেবা থাকলেও সেখানে চালকের আসনে মানুষ থাকে, কারণ রাজ্যটিতে চালকবিহীন সেবার প্রয়োজনীয় অনুমতি এখনো তাদের রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন