অক্টোবর ৬, ২০২৬, ১১:৪৬ এএম
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে আবারও মাইলফলক স্পর্শ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য বাড়ার ফলে সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের মূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়।
আর্থিক সাময়িকী ফোর্বসের হিসাবে, এর আগে গত জুনে প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ারের মর্যাদা অর্জন করেছিলেন মাস্ক। তবে শেয়ারের দর কমে যাওয়ায় পরে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। ফোর্বসের তথ্য বলছে, সোমবার কেবল এক দিনেই মাস্কের সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন বা তিন হাজার ৬০ কোটি ডলার। এতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সঙ্গে তার সম্পদের ব্যবধান আরও বেড়েছে। বর্তমানে বেজোসের মোট সম্পদের মূল্য ৩৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ইয়াহু ফিন্যান্সের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে স্পেসএক্সের শেয়ারের দর ১৭ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পায়। একই সময়ে টেসলার শেয়ারের মূল্য বেড়েছে ৫ দশমিক ৯৫ শতাংশ।
সোমবার লেনদেন চলাকালে টেসলার শেয়ারের দর এক শতাংশের বেশি বেড়ে ৩৭৮ ডলারে পৌঁছায়। অন্যদিকে একই দিনে স্পেসএক্সের শেয়ারের দাম সাত শতাংশের বেশি বেড়ে ১৭১ ডলারে ওঠে। স্পেসএক্সের শেয়ারের এই উল্লম্ফনের পেছনে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ মূল্যায়ন নিয়ে বিনিয়োগ ব্যাংক মর্গ্যান স্ট্যানলির ইতিবাচক পূর্বাভাস এবং গত সপ্তাহে তাদের স্টারশিপ মহাকাশযানের সফলভাবে কক্ষপথে পৌঁছানোর বিষয়টি প্রধান ভূমিকা রেখেছে।
পাশাপাশি তৃতীয় প্রান্তিকে টেসলার তৈরি গাড়ি সরবরাহের পরিমাণ বাজার বিশ্লেষকদের সব পূর্বাভাস ছাড়িয়ে গেছে। গাড়ি সরবরাহের এই সাফল্য প্রতিষ্ঠানটির শেয়ারদরে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে মাস্কের ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবন নিয়ে নির্মিত প্রায় চার ঘণ্টার একটি দীর্ঘ তথ্যচিত্র ‘মাস্ক’ আগামী শুক্রবার নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত এই তথ্যচিত্রটির কঠোর সমালোচনা করেছেন মাস্ক। তিনি একই সঙ্গে তথ্যচিত্রটির নির্মাতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করার হুমকিও দিয়ে রেখেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন