বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
উপাচার্য সংকট

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, সমাধান চান শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৪৮ এএম

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, সমাধান চান শিক্ষার্থীরা

চুয়েট ক্যাম্পাস। ছবি: উইকিমিডিয়া কমন্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি।

তাঁরা বলেন, এর ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা রাত ২টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, ‍‍`বিগত দুইটি মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।‍‍`

সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলে তিনি জানান।

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে বিকেল ৩টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।

এর আগে চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবিতে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীদের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি মধ্যরাত পর্যন্ত চলে। সভা শেষে বর্তমান উপাচার্য শেখ শরীফুল আলমকে অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। এ সময় ‍‍`বয়কট বয়কট, শরীফুল বয়কট‍‍`, ‍‍`মানি না, মানব না, শরীফুল মানি না‍‍` স্লোগান দেন তাঁরা।

অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, কার্যকর প্রশাসনের অভাবে পরীক্ষাগারের কাজ ও শিক্ষার্থীসেবা ব্যাহত হচ্ছে।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুলকারনাইন মিহাদ বলেন, বিভিন্ন বিভাগের পরীক্ষাগারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা যাচ্ছে না। জ্বালানি বিল পরিশোধ না হওয়ায় পরিবহন পুল জ্বালানি সরবরাহ বন্ধের মুখে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ হলে শহর থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে পৌঁছাতে পারবেন না।

আরেক শিক্ষার্থী আহনাফ আরনাব জানান, বিভিন্ন প্রকল্পে কর্মরত গবেষণা সহকারীরা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না, ফলে তাঁরা চরম আর্থিক সংকটে রয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন শুরু করেন। এতে ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।

গত ১২ অক্টোবর অধ্যাপক শরীফুল আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভবনটি বাইরে থেকে তালা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টারও বেশি সময় পর তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ১৮ অক্টোবর অচলাবস্থা নিরসনে ছয় সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে। টানা ৩৬ দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শেষে গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের দেওয়া তালা এখন পর্যন্ত খোলা হয়নি, যার কারণে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।