বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
সিট নিয়ে সংঘর্ষ

পাবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষে সভাপতিকে ছুরিকাঘাতের অভিযোগ

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৩৭ এএম

পাবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষে সভাপতিকে ছুরিকাঘাতের অভিযোগ

পাবিপ্রবি ক্যাম্পাস। ছবি: উইকিমিডিয়া কমন্স

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তা হলের নিচতলায় ছড়িয়ে পড়ে।

৭১৭ নম্বর কক্ষে থাকা সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন সম্প্রতি অন্য কক্ষে চলে যান। এরপর তিনি খালি হওয়া সিটটিতে তাঁর বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন আপত্তি জানিয়ে ওই কক্ষে যান এবং আসবাবপত্র সরিয়ে তাঁর নিজস্ব অনুসারী এক শিক্ষার্থীকে সিটটিতে বসানোর চেষ্টা করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক পক্ষের শিক্ষার্থী তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতির সমর্থকরা আঘাত করলে উত্তেজনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি পক্ষের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।

এ সময় সাধারণ সম্পাদক সমর্থকরা দাবি করেন, গেস্ট রুমে অবস্থানরত সভাপতি গ্রুপের কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তারা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হলের সিট নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‍‍`হলে ছাত্রদের দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তেমন কিছুই না, ছুরিকাঘাতের ঘটনা ঘটলেও তেমন গুরুতর না।‍‍`

জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান সংঘাতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে। মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্য হল প্রশাসন ও সংশ্লিষ্টদের ডেকেছেন। দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, মূলত সভাপতির অনুসারী দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের কারণেই মারামারি ঘটেছে এবং তারা নিজেদের দোষ ঢাকতে তাঁর পক্ষের কর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সভায় সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।