বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
টালিউডে বড় সিদ্ধান্ত

প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৫:৩১ এএম

প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ

টালিউডে সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সব প্রেক্ষাগৃহে বাংলা ছবির জন্য প্রাইম টাইমের প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলেই বাংলা ছবির শো কমিয়ে দেওয়া কিংবা প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল। সেই অভিযোগের জবাবে এবার কঠোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নবান্নে টালিউডের প্রযোজক, পরিচালক, পরিবেশক ও হল মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘সাধক বামাখ্যাপা’ ছবির প্রসঙ্গও উঠে আসে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা সিনেমা দেখাতেই হবে। দুপুর তিনটা থেকে রাত নয়টার সময়ের মধ্যে বাংলা ছবির প্রদর্শন নিশ্চিত করতে হবে হল কর্তৃপক্ষকে।

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই ‘সাধক বামাখ্যাপা’ ছবিটি প্রেক্ষাগৃহ থেকে নামানো যাবে না। যেসব প্রেক্ষাগৃহের মালিক আগে ছবিটি প্রদর্শনের সুযোগ দেননি, তাদেরও এবার ছবিটি চালানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ না মানলে কী হবে, সে কথাও বৈঠকে স্পষ্ট করা হয়েছে। কোনো প্রেক্ষাগৃহে বাংলা ছবির শো কমিয়ে দেওয়ার চেষ্টা হলে কিংবা প্রদর্শন নিয়ে সমস্যা তৈরি হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই প্রেক্ষাগৃহের লাইসেন্স বাতিলের বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

শুধু শোয়ের সময় নিশ্চিত করেই থামেনি রাজ্য সরকার। সিনেমা হলের সংখ্যা বাড়াতে নতুন করে ৫১টি হল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ কিংবা জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা পুরনো সিনেমা হলগুলো সংস্কার করে আবারও প্রদর্শনের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে, এমন ৭০টি পুরনো হল সংস্কারের পরিকল্পনা রয়েছে।

প্রেক্ষাগৃহে শোয়ের সময় নিয়ে জটিলতা এড়াতে এবং হল মালিক, পরিবেশক ও প্রযোজকদের মধ্যে সমন্বয় বজায় রাখতে গঠন করা হচ্ছে একটি বিশেষ কমিটি। কোনো প্রেক্ষাগৃহে বাংলা ছবির শো কমিয়ে দেওয়ার চেষ্টা হলে কিংবা প্রদর্শন নিয়ে সমস্যা তৈরি হলে এই কমিটি সরাসরি হস্তক্ষেপ করে সমাধানের উদ্যোগ নেবে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ ছাড়া কমিটিতে থাকছেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও অরিজিৎ দত্ত। বর্তমানে শহরের বাইরে রয়েছেন মিঠুন চক্রবর্তী। আজ ২৬ নভেম্বর তিনি ফিরলে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।

বাংলা সিনেমার প্রদর্শন-সংকট নতুন নয়। টালিউডের পরিচালক ও প্রযোজকদের দীর্ঘদিনের অভিযোগ, বড় বাজেটের হিন্দি সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে বাংলা ছবির জায়গা সংকুচিত হয়ে আসে। অনেক সময় ভালো ব্যবসা করা বাংলা ছবিও শো হারায়। সম্প্রতি ‘সাধক বামাখ্যাপা’ ছবির ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে। ভালো ব্যবসা করা সত্ত্বেও হিন্দি ছবির মুক্তির জেরে ছবিটির শো কমানোর কথা জানিয়েছিলেন হল মালিকরা। সেই ঘটনাই বৈঠক ডাকার পেছনে বড় কারণ হয়ে ওঠে।

তবে সমস্যা শুধু শোয়ের সময়ে সীমাবদ্ধ নয়। রাজ্যে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রী জানান, একসময় পশ্চিমবঙ্গে ৮০০-র বেশি সিনেমা হল থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ১০০-তে। বিশেষ করে সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহগুলোর দুরবস্থা কাটাতে এবং সিনেমা হলের সংখ্যা বাড়াতেই নতুন হল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাইম টাইমে বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং নতুন হল নির্মাণ ও পুরনো হল সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টালিউডের প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা। তাদের প্রত্যাশা, প্রশাসনের এমন সরাসরি উদ্যোগে বাংলা সিনেমার প্রদর্শনের সুযোগ বাড়বে, ফিরবে প্রেক্ষাগৃহকেন্দ্রিক ব্যবসার গতি। পাশাপাশি দর্শকেরাও নিজেদের ভাষার সিনেমা দেখার আরো বেশি সুযোগ পাবেন।

তবে নির্দেশ কার্যকর হয় কতটা, আর কমিটির প্রতিবেদনে সমস্যার কী সমাধান উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে টালিউড।