অক্টোবর ৮, ২০২৬, ১০:৫৩ এএম
আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্র ‘দেশু ৭’ ঘিরে পরিকল্পিত চক্রান্ত ও নেতিবাচক প্রচারের অভিযোগ তুলেছেন টালিউডের জনপ্রিয় চিত্রনায়ক দেব। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই সিনেমাটি। মুক্তির ক্ষণ গণনা শুরুর মুখেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন এই সুপারস্টার।
দেবের দাবি, অনলাইন সমালোচক ও ইউটিউবারদের নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে আগে থেকেই ছবিটির বিরুদ্ধে নেতিবাচক পর্যালোচনা বা রিভিউ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
দীর্ঘ ১২ বছর পর পর্দায় ফিরছে দেব ও শুভশ্রী জুটি।
অতীতে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও দীর্ঘ বিরতির পর এই জুটির একসঙ্গে কাজ করা নিয়ে সাধারণ দর্শক ও ভক্তদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। এই প্রত্যাশার আবহেই টাকার বিনিময়ে নেতিবাচক প্রচারণার তথ্য সামনে আসায় আলোড়ন শুরু হয়েছে কলকাতার বিনোদন অঙ্গনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন দেব। তিনি স্পষ্ট করেন যে সমালোচনা যেকোনো চলচ্চিত্রের একটি স্বাভাবিক অংশ এবং তিনি দর্শকের স্বাধীন মতামতকে সবসময় শ্রদ্ধা করেন। তবে টাকার বিনিময়ে আগে থেকে তৈরি চিত্রনাট্য অনুযায়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদগার ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
খোলা চিঠিতে দেব দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, দর্শকেরা যেন ট্রেলার দেখে নিজেদের স্বাধীন বিচারবুদ্ধি অনুযায়ী মতামত প্রকাশ করেন। ভালো লাগলে প্রশংসা এবং খারাপ লাগলে সরাসরি সমালোচনা করার অধিকার সবার আছে, তবে সেই বক্তব্য যেন অন্য কারও দ্বারা প্রভাবিত না হয়ে নিজস্ব অনুভূতি থেকে আসে। কারণ সিনেমার ভাগ্য নির্ধারণে শেষ কথা দর্শকরাই বলেন।
এবারের পূজায় বক্স অফিসে তীব্র বাণিজ্যিক প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে ‘দেশু ৭’-কে। একই মৌসুমে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। তীব্র এই প্রতিযোগিতার বাজারে প্রতিপক্ষের কোনো পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপতৎপরতা চালাচ্ছে কি না, তা নিয়ে টলিউডে জোর আলোচনা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন