মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
গানের দৃশ্য

দেব-শুভশ্রীর গানের দৃশ্য ঘিরে ফের শুরু হয়েছে তীব্র সমালোচনা

বিনোদন ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ১২:১৬ পিএম

দেব-শুভশ্রীর গানের দৃশ্য ঘিরে ফের শুরু হয়েছে তীব্র সমালোচনা

পর্দায় তাদের রসায়ন বরাবরই জনপ্রিয়, তবে এবার রিল আর রিয়েল লাইফ মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আসছে পুজোয় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এরই মধ্যে ছবিটির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশ্যে এসেছে, আর সেই গানের একটি দৃশ্য ঘিরেই তৈরি হয়েছে তীব্র সমালোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন এই তারকা জুটি।

এই গানে কালো শাড়িতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন শুভশ্রী এবং তার সঙ্গে মিলিয়ে কালো শার্ট ও ট্রাউজারে নজর কেড়েছেন দেব। গানের একটি নির্দিষ্ট অংশে দেখা যায়, দেব ও শুভশ্রী একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। রোমান্টিক এই দৃশ্যে দেবকে চোখ বন্ধ অবস্থায় শুভশ্রীর গলার কাছে চুমু খেতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তেই গায়কের কণ্ঠে বেজে ওঠে, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর ক্যামেরায় ঠিক তখনই স্পষ্ট হয়ে ওঠে শুভশ্রীর গলার কাছে থাকা একটি লালচে ছাপ।

নেটিজেনদের অনেকেই এই দাগকে লাভ বাইট বলে মনে করছেন। সেই দৃশ্যটির স্ক্রিনশট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ এটিকে গানের কথার সঙ্গে মিলিয়ে তৈরি করা ক্ষণিকের একটি চিহ্ন বলে মনে করলেও, অনেকেই মেতেছেন রসিকতায়। এক নেটিজেন ওই দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছেন, এটি ছারপোকার কামড়ের দাগ কি না। আরেকজন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে রসিকতা করে লিখেছেন, এই লাভ বাইট রাজ শুটিংয়ে দিয়ে পাঠিয়েছিলেন কি না। মন্তব্যের মাধ্যমে এসব রসিকতা হলেও কার্যত এটাকে সমালোচনা হিসেবেই দেখছেন অনেকে।

এই সমালোচনার নেপথ্যে রয়েছে পর্দার বাইরে দেব-শুভশ্রীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড। কিছুদিন আগেই সিনেমার প্রচারের সময় ভরা মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে চুমু খান দেব, যা বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়া কোলে তুলে ফটোগ্রাফিও বেশ সমালোচনা তৈরি করেছিল। যখন তারা এসব নিয়ে খবরের শিরোনামে, ঠিক এমন সময়ে গানের এই দৃশ্য সমালোচনা আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে সম্পর্কে থাকাকালীন প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন এই তারকা জুটি। বর্তমানে তারা একে অপরের প্রাক্তন হলেও কাজের দিক থেকে নিজেদের মনোযোগ সরাননি।

আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে দেবের অভিষেক হতে যাচ্ছে, পাশাপাশি তিনিই এই ছবিটির প্রযোজক।