শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
দেব-শুভশ্রী

পুরোনো প্রেম ভুলে দেবের সাথে জুটি: শুভশ্রীকে ভক্তদের খোঁচা

বিনোদন ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০২:৪৩ পিএম

পুরোনো প্রেম ভুলে দেবের সাথে জুটি: শুভশ্রীকে ভক্তদের খোঁচা

পুজোর আগেই জমে উঠেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর প্রচার। আগরতলা, শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রচারে হাজির হয়েছিলেন টালিউডের এই জনপ্রিয় জুটি। মঞ্চে নাচ-গান ও তাদের উপস্থিতি উন্মাদনা তৈরি করলেও, প্রচারের আলো ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশি চর্চা হচ্ছে তাদের পুরোনো সম্পর্ককে ঘিরে।

দুর্গাপুরের প্রচার অনুষ্ঠানে দেব কালো টি-শার্ট ও জ্যাকেট পরে উপস্থিত হন। অন্যদিকে শুভশ্রী নজর কাড়েন জনপ্রিয় ব্র্যান্ড জারার কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি পোশাকে। তবে পোশাকের চেয়েও নেটিজেনদের নজর কেড়েছে শুভশ্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবির কমেন্টবক্স। সেখানে দেব-শুভশ্রীর পুরোনো প্রেমের প্রসঙ্গ টেনে একের পর এক মন্তব্য করছেন ভক্তরা। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই জুটির মধ্যে পর্দার রসায়নের পাশাপাশি গড়ে উঠেছিল প্রেমের সম্পর্কও, যার ইতি ঘটে ২০১৩ সালে।

এরপর দুজনেই ব্যক্তিগত জীবনে এগিয়ে গেছেন। শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে, অন্যদিকে দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। তাই বর্তমান সময়ে দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে পর্দায় ও প্রচারে দেখে পুরোনো দিনের প্রসঙ্গ নিয়ে মজা করতে ছাড়েননি নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন, "পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।" আরেকজন শুভশ্রীকে উদ্দেশ করে লিখেছেন, "শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কী মানে ছিল?"

আরও এক ভক্ত মন্তব্য করেছেন, "প্রাক্তনের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।" কেউ আবার মজার ছলে লিখেছেন, "তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল।" অবশ্য দেব-শুভশ্রীর এই পুরোনো সম্পর্কের স্মৃতি ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিলেও, তাদের মূল ব্যস্ততা এখন সিনেমা ঘিরেই। ‘দেশু ৭’ হতে যাচ্ছে এই জুটির একসঙ্গে সপ্তম সিনেমা, যা পরিচালনা করার পাশাপাশি অভিনয়ও করছেন দেব। আগামী ১৫ অক্টোবর পুজোর আবহে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি পুরোনো জুটির পর্দার নতুন রসায়ন দর্শকের কতখানি টানতে পারে, সেটাই এখন দেখার বিষয়।