বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
ডক্টর হাসান

নওয়াজউদ্দিনকে নিয়ে দিয়া মির্জার বিস্ফোরক মন্তব্য, আসল রহস্য কী

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৬:২৫ পিএম

নওয়াজউদ্দিনকে নিয়ে দিয়া মির্জার বিস্ফোরক মন্তব্য, আসল রহস্য কী

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। সহ-অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতাকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে উল্লেখ করায় শুরু হয়েছে জোর চর্চা।

বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজউদ্দিনকে ট্যাগ করে দিয়া লেখেন, একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো। কথা বলার ন্যূনতম শিষ্টাচারটুকুও তার মধ্যে নেই। তার ওপরে এমন মনোভাব, যা অত্যন্ত আপত্তিকর।

দিয়ার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন জগতে চাঞ্চল্য তৈরি হয়েছে। সাধারণত বিতর্ক থেকে দূরে থাকা দিয়া মির্জার মুখে এমন কঠোর সমালোচনা শুনে অনেকেই অবাক হয়েছেন। তবে ঠিক কী কারণে তিনি এই ক্ষোভ উগরে দিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন, এটি কোনো বাস্তব বিরোধ নয়, বরং আসন্ন কোনো প্রজেক্টের প্রচারের কৌশল। কারণ হিসেবে জানা গেছে, দিয়া মির্জা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী খুব শীঘ্রই রোহন সিপ্পী পরিচালিত ‘ডক্টর হাসান’ নামের একটি নতুন ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করছেন। আগামী ১১ ডিসেম্বর জিও হটস্টারে সিরিজটি মুক্তির কথা রয়েছে।

আলোচিত এই সিরিজে নওয়াজউদ্দিনকে একজন খামখেয়ালী চিকিৎসকের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, দিয়া অভিনয় করছেন তার সহকর্মী চিকিৎসকের ভূমিকায়। তবে এটি নিছকই প্রচারের কৌশল নাকি পর্দার পেছনের সত্যিকারের অসন্তোষ— তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি দুই তারকার কেউই।