নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৩৯ পিএম
শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সম্ভব নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাধর্মী কাজ আরও বাড়াতে হবে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, যতক্ষণ না পর্যন্ত গবেষণাধর্মী কাজগুলো আরও সমৃদ্ধ ও বিস্তৃত হচ্ছে, ততক্ষণ বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই হীরকজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ষাট বছরের পথচলা কেবল সময়ের হিসাব নয়; এটি জ্ঞান, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনের এক দীর্ঘ ও গৌরবময় পদযাত্রা। সরকারের অন্যতম প্রধান পরিকল্পনা হলো গবেষণাধর্মী কাজ বাড়ানোর মাধ্যমে দেশের বিদ্যমান শিল্পখাতের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো থেকে দক্ষ জনবল তৈরি হবে, যারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যে ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসি নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। এ ছাড়া আরেকটি নতুন হল নির্মাণের বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসংক্রান্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাটহাজারী আসনের সংসদ সদস্য হিসেবে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়টি তাঁর নিজ সংসদীয় আসনের অংশ হওয়ায় তিনি অত্যন্ত গর্বিত। তাঁর বাবা-মা দুজনেই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, ফলে এই প্রতিষ্ঠানের সাথে তাঁর এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে বা প্রয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজন হলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে একযোগে কাজ করে বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জ্ঞানার্জন সহজ করার সব ব্যবস্থা নিশ্চিত করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন