বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
অর্থপাচার মামলা

২০০ কোটি টাকা পাচার: শামীম ওসমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৫:১২ পিএম

২০০ কোটি টাকা পাচার: শামীম ওসমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের

অর্থপাচারের মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর স্ত্রী ও ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির বিপরীতে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে পাচারের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু শিগগির আদালতে চার্জশিট দাখিল করবেন। দুদক সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের সাবেক পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে ২০২৫ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর চার উপধারার দুই ও তিন ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। চার্জশিটে অন্তর্ভুক্ত আসামিরা হলেন—টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অনুমোদিত চার্জশিটে নতুন করে প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার এবং শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান, একই প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক ও শেয়ারহোল্ডার জাহাঙ্গীর হোসেন মোল্লাকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড ২০১২ সালের ১২ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্স পায়। বিধি অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে এফসি বা ইআরকিউ অ্যাকাউন্টের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ কল মিনিট সেবা রপ্তানি করে। প্রতি মিনিট শূন্য দশমিক শূন্য তিন শূন্য মার্কিন ডলার হিসাবে এর মোট মূল্য দাঁড়ায় ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৬৬ মার্কিন ডলার। তবে আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার হিসাব বিবরণী অনুযায়ী, প্রতিষ্ঠানটি দেশে এনেছে মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ দশমিক ৫২ মার্কিন ডলার। বাকি ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ দশমিক ৪৮ মার্কিন ডলার দেশে প্রত্যাবাসন করা হয়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। তৎকালীন বিনিময় হার ৭৭ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা।

দুদকের তদন্ত প্রতিবেদন বলছে, ২০১৩ সালের আগস্ট মাসের চার তারিখে আসামিরা তাঁদের সব শেয়ার মো. সাখাওয়াত হোসেন, দেবব্রত চৌধুরী ও মো. রাকিবুল ইসলাম নামে তিন ব্যক্তির কাছে হস্তান্তর দেখান। তবে দুদকের সরেজমিন তদন্তে ওই ব্যক্তিদের নিবন্ধিত ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। ঠিকানাগুলোতে তাঁদের নামে কোনো ব্যক্তির অস্তিত্বও মেলেনি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়, ভুয়া ব্যক্তিদের নামে শেয়ার হস্তান্তরের নথি তৈরি করে প্রকৃত মালিকানা আড়াল করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনাকালে শামীম ওসমান সংসদ সদস্য ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে স্ত্রী, শ্যালক ও ছেলেকে বৈদেশিক মুদ্রা পাচারে সহযোগিতা করেন।