মে ১৩, ২০২৬, ০১:২৯ পিএম
জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার জন্য আগামী ১০ জুন তারিখ ধার্য করা হয়েছে।
বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে শুনানির শুরুতে আসামিদের পক্ষ থেকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয়। এরপর আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত সুনির্দিষ্ট অভিযোগগুলো পড়ে শোনান বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। অভিযোগ পাঠ শেষে আদালত আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।
এর আগে গত ২৩ এপ্রিল আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের মামলা থেকে অব্যাহতির বিষয়ে শুনানি করেছিলেন। গত ১৯ এপ্রিল প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়। প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আদালতে পেশ করেন এবং বিচার শুরুর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারিত থাকলেও তা একদিন পিছিয়ে বুধবার পুনর্নির্ধারণ করা হয়েছিল।
শামীম ওসমান ছাড়া এই মামলার অন্য অভিযুক্তরা হলেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান এবং অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি। তালিকায় আরও রয়েছেন নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, ডিবিসি নিউজের প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না।
এ ছাড়া মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্রকেও এই মামলায় আসামি করা হয়েছে।নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের সময় ১০ জন ব্যক্তিকে হত্যার অভিযোগে এই ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হলো। ট্রাইব্যুনালের এই আদেশের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্বের দিকে অগ্রসর হচ্ছে প্রসিকিউশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন