বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

প্রথমবারের মতো এক সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি

বিনোদন ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৪:২৮ পিএম

প্রথমবারের মতো এক সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় দুই তারকা জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি প্রথমবারের মতো এক সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অর্জুন দত্তের নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ স্ক্রিন শেয়ার করবেন তারা।

পাহাড়ের মনোরম পরিবেশে রহস্য, সন্দেহ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমাটি। প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি নির্মিত হবে। এই প্রজেক্টে সহ-প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রূপম গোস্বামী।

বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ, দাম্পত্য জীবনের টানাপোড়েন, পারিবারিক ক্ষোভ, ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতার নানা অন্ধকার দিক উঠে আসবে এই সিনেমার গল্পে। আপাতদৃষ্টিতে স্বাভাবিক সম্পর্কগুলোর আড়ালে প্রত্যেকেরই যেন রয়েছে কোনো না কোনো গোপন সত্য। রোমাঞ্চ ও রহস্যের পাশাপাশি সিনেমাটিতে ডার্ক হিউমার এবং তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হবে।

সিনেমায় কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি জানান, পরিচালক অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি ভীষণ আনন্দিত। ছবির গল্প এবং তার নিজের চরিত্রটি বেশ দারুণ এবং এর আগে এমন ধরনের চরিত্রে তিনি কখনো অভিনয় করেননি, যার ফলে দর্শক তাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।

অন্যদিকে জয়া আহসান বলেছেন, অর্জুন দত্ত তার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। ‘আরএসভিপি মার্ডার’ একটি মার্ডার মিস্ট্রি ঘরানার ছবি, আর এই ছবির অংশ হতে পেরে তিনি বেশ রোমাঞ্চিত। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার মধ্যে একটি আলাদা চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জয়া ও শ্রাবন্তী ছাড়াও এই তারকা বহুল সিনেমাটিতে আরও অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু বা অভিপ্সা চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায় এবং গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।