বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

লামিন ইয়ামাল না থাকায় হতাশ চেক প্রজাতন্ত্রের কোচ সান্তি দেনিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৩:৪৪ পিএম

লামিন ইয়ামাল না থাকায় হতাশ চেক প্রজাতন্ত্রের কোচ সান্তি দেনিয়া

লড়াইটা স্পেনের বিপক্ষে, অথচ প্রতিপক্ষ দলের অন্যতম সেরা তারকাকেই মাঠে দেখতে চেয়েছিলেন চেক প্রজাতন্ত্রের কোচ সান্তি দেনিয়া। লামিন ইয়ামাল চোটের কারণে স্পেনের স্কোয়াডে না থাকায় নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। দেনিয়ার মতে, ইয়ামালের মতো ফুটবলারকে সামনাসামনি খেলতে দেখতেই দর্শকেরা মাঠে আসার জন্য টিকিট কাটেন।

আজ বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে প্রাগে স্পেনের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়ামালের অনুপস্থিতি নিয়ে কথা বলেন চেক কোচ। স্পেনের যুব দলের সাবেক এই কোচ বলেন, তাঁরা চেয়েছিলেন লামিন স্কোয়াডে থাকুক, কিন্তু এটি তাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ লামিনকে মাঠে খেলতে দেখতেই মূলত টিকিট কাটে। স্পেন শেষ পর্যন্ত কেমন দল নামায় এবং তারা কেমন একাদশ সাজাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

ইয়ামালের পাশাপাশি স্পেনের এই দলে থাকছেন না রদ্রি ও দানি ওলমোও। এই তিন তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি ম্যাচের সামগ্রিক আকর্ষণ কিছুটা কমিয়ে দিতে পারে বলে মনে করেন দেনিয়া। তবে স্পেনের খেলার ধরনে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই তার বিশ্বাস, কারণ স্পেনের দলে বিকল্প খেলোয়াড়ের কোনো ঘাটতি নেই।

বিকল্প খেলোয়াড়দের প্রসঙ্গে দেনিয়া বলেন, তারা এত গভীর স্কোয়াড নিয়ে খেলে বলেই স্পেন বিশ্বসেরা। এই তারকারা না থাকাটা নিঃসন্দেহে দুঃখজনক, কারণ দর্শকেরা তাদের খেলা দেখতে চান। তবে তাদের দলের মূল লক্ষ্য ম্যাচ জেতা এবং স্পেনের এই অনুপস্থিতিতে চেক পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। স্পেনের খেলার সামগ্রিক কাঠামো একই থাকবে বলে তিনি মনে করেন।

স্পেনের যুব দলের বিভিন্ন পর্যায়ে কোচিং করানোর সুবাদে দলটির অনেক তরুণ খেলোয়াড়কে খুব কাছ থেকে চেনেন সান্তি দেনিয়া। বিশেষ করে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেসকে নিজের সন্তানের মতো স্নেহ করেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, উয়েফা নেশনস লিগের গ্রুপ ‍‍`এ-৩‍‍`-এ এখন পর্যন্ত চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে শক্তিশালী স্পেন। অন্যদিকে, চার ম্যাচের সবকটিতে হেরে পয়েন্টশূন্য অবস্থায় রয়েছে চেক প্রজাতন্ত্র। এই ম্যাচে শক্তিশালী স্পেনকে হারাতে হলে নিখুঁত ফুটবল খেলতে হবে বলে মনে করেন দেনিয়া। সে কারণেই ম্যাচে সেট পিস, শক্ত রক্ষণভাগ, শক্তিশালী প্রেসিং এবং নিচু ব্লকে দলকে সুসংগঠিত রাখার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তিনি।