বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

প্রথম শ্রেণিতে ভর্তিতে বয়সের দুই শর্ত, সংশোধনের দাবি শিক্ষাবিদদের

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০২:৪৯ পিএম

প্রথম শ্রেণিতে ভর্তিতে বয়সের দুই শর্ত, সংশোধনের দাবি শিক্ষাবিদদের

প্রথম শ্রেণির ভর্তি নীতিমালা

২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিমুখী নির্দেশনায় বিপাকে পড়েছেন অভিভাবকরা। নতুন নীতিমালা অনুযায়ী, সরকারি স্কুলে পাঁচ বছর বয়সী শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ পেলেও বেসরকারি স্কুলের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ছয় বছর। শিক্ষাবিদদের আশঙ্কা, একই শ্রেণিতে ভর্তির এই ভিন্ন নিয়ম শিশুদের শিক্ষার সুযোগে বড় ধরনের বৈষম্য তৈরি করবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ২০২৭ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তি নীতিমালায় বয়সের এই ভিন্নতা রাখা হয়েছে। এতে সরকারি স্কুলে ভর্তির আবেদন করেও লটারিতে সুযোগ না পাওয়া পাঁচ বছর বয়সী শিশুদের এক বছর অপেক্ষা করা ছাড়া বিকল্প থাকবে না। গত ১৩ অক্টোবর প্রকাশিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭-এর ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ছয় বছর। তবে ২০২৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি শিশুর বয়স সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর হতে পারবে।

একই বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭-এর ৩ নম্বর অনুচ্ছেদে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরাই এ শ্রেণিতে ভর্তির যোগ্য হবে। ফলে ২০২১ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া পাঁচ বছর বয়সী শিশু সরকারি স্কুলে আবেদনের সুযোগ পেলেও বেসরকারি স্কুলে আবেদন করতে পারবে না। অভিভাবকদের আশঙ্কা, সরকারি স্কুলে আসন সীমিত। ফলে লটারিতে সুযোগ না পাওয়া শিশুদের বেসরকারি স্কুলে ভর্তির বিকল্পও বন্ধ হয়ে যাবে। রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দা আফসানা আজাদ তানির ছেলের বয়স পাঁচ বছর তিন মাস। তিনি বলেন, এবার সরকারি স্কুলে সুযোগ না পেলে আমার ছেলেকে কোথাও ভর্তি করাতে পারব না? তার বয়সী অন্য শিশুরা সরকারি স্কুলে ভর্তি হয়ে যাবে, অথচ আমার ছেলের জন্য বেসরকারি স্কুলের দরজাও বন্ধ থাকবে। এটা কেমন নিয়ম?

আরেক অভিভাবক হুসেন আজাদ বলেন, সরকারি স্কুলে আসন সীমিত। সেখানে সবাই তো ভর্তির সুযোগ পাবে না। আমার মেয়ের বয়স পাঁচ বছর সাত মাস। তাকে সরকারি স্কুলে আবেদন করাব না। কিন্তু বেসরকারি স্কুলেও ভর্তি করাতে পারব না। এক দেশে দুই নিয়ম, এ কেমন বৈষম্য? শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একই জাতীয় শিক্ষানীতির উল্লেখ করে দুই ধরনের ভর্তি নীতিমালায় বয়সের ভিন্নতা রাখা হয়েছে। বিষয়টি দ্রুত পর্যালোচনা করে অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজন। বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরের শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই বৈষম্যমূলক নিয়ম দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিভাবকরা বলছেন, সব শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উভয় স্তরে ভর্তির বয়সসীমা একই করা উচিত। অন্যথায় বহু শিশু প্রাথমিক শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হতে পারে কিংবা মানসিক চাপের মুখে পড়তে পারে। শিক্ষাবিদরাও মনে করেন, শিক্ষানীতির সঠিক বাস্তবায়নের জন্য নীতিমালার অসঙ্গতি দূর করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি সমন্বিত ও বৈষম্যহীন নীতিমালা প্রকাশ করবে বলে আশা করছেন তারা।