নভেম্বর ১২, ২০২৬, ০২:০১ পিএম
রাষ্ট্রপতি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়টির একটি প্রতিনিধি দল। সোমবার (৯ নভেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় দেশের সার্বিক শিক্ষা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এ ছাড়া আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান ও সার্বিক অগ্রগতির বিষয়টিও প্রতিনিধিদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আলোচনাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার নানা দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। এআইইউবির বিভিন্ন বিষয়ে উত্থাপিত সমস্যা শুনে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। উপাচার্যের এই আমন্ত্রণে সাড়া দিয়ে রাষ্ট্রপতি তা গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন