বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

মালয়েশিয়ায় চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১২:৩৩ এএম

মালয়েশিয়ায় চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রয়েছেন। পরিবার সূত্রে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এর আগে গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। দীর্ঘ কারাবাসের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কারামুক্তির পর থেকে তিনি তীব্র পিঠের ব্যথা ও মেরুদণ্ডের জটিলতা ছাড়াও শ্বাসকষ্ট এবং কিডনিজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মূলত মেরুদণ্ডের জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাকে জরুরি ভিত্তিতে মালয়েশিয়ায় নেওয়া হয় এবং চিকিৎসকদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে গত রোববার তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন। প্রিয় নেতার এই সংকটময় সময়ে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহমর্মিতা ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি গভীর ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে অব্যাহতভাবে দোয়া চেয়েছে পরিবার। এদিকে লুৎফুজ্জামান বাবরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ নেত্রকোনা-৪ আসনের সর্বস্তরের মানুষ এবং দেশবাসী আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। দেশবাসীর এই অকৃত্রিম ভালোবাসা ও দোয়ার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে তাঁর পরিবার। বাবরের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নেত্রকোণার মদনে একটি বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, মসজিদের সাধারণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ অংশ নেন। দোয়া মাহফিলে মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার-পরবর্তী দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। একইসঙ্গে উপস্থিত নেতারা সর্বস্তরের দেশবাসীকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।