সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কারাগার থেকে সংসদে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় বাবরের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১০:৪৯ পিএম

কারাগার থেকে সংসদে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় বাবরের

ছবি - সংগৃহীত

দীর্ঘ কারাবাসের অভিজ্ঞতা ও জীবনের নতুন মোড় নিয়ে আবেগাপ্লুত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটানোর পর এখন তিনি মুক্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে তার সৃষ্টিকর্তার প্রতি অগাধ কৃতজ্ঞতা প্রকাশের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

মসজিদের ভেতরে দীর্ঘ সিজদায় থাকা বাবরের এক মুহূর্তের দৃশ্য এখন অনেকেরই নজরে এসেছে।ঘটনাটি জানিয়েছেন জামায়াত নেতা শহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর। তিনি ফেসবুকে জানান, গত সংসদ অধিবেশন চলাকালীন সংসদ ভবনের মসজিদে মাগরিবের নামাজ শেষে তিনি দেখতে পান, একজন মানুষ দীর্ঘ সময় ধরে সিজদায় পড়ে আছেন। কাছে গিয়ে তিনি দেখেন, তিনি আর কেউ নন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

নামাজ শেষে মাবরুর তার সাথে দেখা করেন। কথোপকথনের একপর্যায়ে তিনি বাবরকে জিজ্ঞেস করেন, দীর্ঘ বছর ধরে আদালতে আনা-নেওয়ার দিনগুলোর কথা তার মনে পড়ে কি না। এর জবাবে বাবর অত্যন্ত আন্তরিকতার সাথে স্মৃতি রোমন্থন করেন। আদালতে যাওয়ার সময় জুতোর তলা খুলে যাওয়া বা সাংবাদিকদের সামনে অস্বস্তিকর পরিস্থিতির সেই দুঃসময়ের দিনগুলোও তারা আলোচনা করেন।

দীর্ঘ সিজদার কারণ জানতে চাইলে বাবর আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, যদি পারতেন তবে সারাদিন সিজদাতেই থেকে যেতেন। ১৭ বছরের কারাবাস ও কনডেম সেলের জীবন থেকে আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন এবং আজকের সংসদে ফেরার সুযোগ দিয়েছেন। তিনি মনে করেন, সারাদিন সিজদা দিলেও মহান আল্লাহর শুকরিয়া আদায় হবে না।