বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

আবু সালেহ মোঃ রায়হান

নভেম্বর ১২, ২০২৬, ০২:৩১ পিএম

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ছাত্র।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

নিহত দুই মাদরাসা ছাত্র হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত। তাদের দুজনেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে।

এছাড়া এই দুর্ঘটনায় আহত অপর ছাত্র হলেন সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারা তিনজনই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন মাদরাসা ছাত্র চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। তারা সাহাপাড়া এলাকায় পৌঁছানোর পর রাস্তায় মোড় নেওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের ধারের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর তারা তিনজনই গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর তাদের মাথা ও কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।