নভেম্বর ১২, ২০২৬, ০১:০১ পিএম
জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সদর উপজেলার গোসাইপুর এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোসাইপুর এলাকার মোক্তার হোসেন ও তার সহযোগী ফরিদ কাদেরী এবং সুবাস গং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখল ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের অব্যাহত অত্যাচারে এলাকার সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা অবিলম্বে তাদের দখলকৃত জমি ফেরত পাওয়া এবং নিজেদের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন গোসাইপুর এলাকার জামাল উদ্দীন, সাজু, সুইহারি এলাকার জহুরুল হক জুয়েল, খালপাড়া এলাকার জমির, সাখওয়াত, শাহীন ও নাসিমা বেগম প্রমুখ। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে মোক্তার হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দখলকৃত জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন