নভেম্বর ১১, ২০২৬, ০২:১০ পিএম
দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের হলরুমে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সমবায় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘যাদের কিছু নেই-যাদের কেউ নেই-তাদের সাথে আমরা’ এই স্লোগান এবং ‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ) সদর, দিনাজপুরের আয়োজনে এবং অ্যাসোসিয়েশন ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এলআরডি) ঢাকার সহযোগিতায় ‘ইচ্ছা’ প্রকল্পের আওতায় জনসংঘঠনের উপকারভোগী সদস্যদের নিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. সুকুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবু। মূল ধারণাপত্র পাঠ করেন সিডিএর ফিল্ড ফ্যাসিলিটেটর অলোকা রায়। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মর্তুজা, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির আলী, ইউপি সদস্য মোছা. আয়শা সিদ্দিকা, ইউপি সদস্য মো. সমাজ উদ্দিন এবং চেহেলগাজী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সারোয়ার পারভেজ। এছাড়া সমবায় দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিডিএর মাঠ সমন্বয়কারী মো. জাহেদুর রহমান এবং অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক জহিরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিডিএর ফিল্ড ফ্যাসিলিটেটর তামান্না খাতুন।
বক্তারা বলেন, সমবায় দিবসের মূল উদ্দেশ্য হলো সমবায়ের মাধ্যমে সাম্য, ন্যায়বিচার, পারস্পরিক সহযোগিতা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা প্রতিষ্ঠা করা। বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই আজও দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রান্তিক সমবায়ীদের সহজ শর্তে ঋণ প্রাপ্তির জন্য কৃষি ব্যাংকের একটি আলাদা উইনডো বা জানালা খোলার ওপর জোর দেন বক্তারা। পাশাপাশি সমবায়ীদের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, আমরা চাই সাধারণ জনগণের মাঝে সমবায়ের আদর্শ ও সঠিক ভূমিকা ব্যাপকভাবে প্রচার করতে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন