বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিয়ের পিঁড়িতে বসছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০২:০৩ পিএম

বিয়ের পিঁড়িতে বসছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে নানা গুঞ্জন। আগামী পাঁচ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী, এমন চর্চা এখন তুঙ্গে রয়েছে টালিউড পাড়ায়। এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে কলকাতার এক নামী ফ্যাশন ডিজাইনারের স্টোরে অভিনেত্রীর উপস্থিতি। ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোর থেকে তাকে বের হতে দেখা গেছে। তবে কি বিয়ের সাজ চূড়ান্ত করতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মুখ খোলেননি অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী পাঁচ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি। তবে যার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে, সেই পাত্র বিনোদন জগতের কেউ নন। ঘনিষ্ঠ মহলের দাবি, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন মিমি এবং পেশায় তিনি একজন নৌবাহিনীর কর্মকর্তা। সব্যসাচীর স্টোরে মিমির উপস্থিতি এই গুঞ্জনকে আরও বাস্তব রূপ দিচ্ছে। কারণ বলিউড তারকাদের বিয়ের সাজের ক্ষেত্রে সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম সবার আগে উঠে আসে। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট থেকে শুরু করে কিয়ারা আদভানি কিংবা অদিতি রাও হায়দারির মতো একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। দক্ষিণ কলকাতায় তার স্টোরে মিমির সম্প্রতি হাজির হওয়া সেই কৌতূহলকে দ্বিগুণ করে দিয়েছে।

শোনা যাচ্ছে, পাঁচ ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ে সেরে ফেলতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে পাহাড়ের কোলে বসতে পারে বিয়ের আসর। সম্ভাব্য গন্তব্য হিসেবে কালিম্পংয়ের নাম উঠে আসছে। আত্মীয়স্বজনদের কাছে ইতিমধ্যেই বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর কথাও শোনা যাচ্ছে। কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করে কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধু, সহকর্মী এবং আত্মীয়স্বজনদের জন্য একটি রিসেপশনের আয়োজন করতে পারেন মিমি ও সিদ্ধার্থ।

পর্দায় বহুবার প্রেম ও সম্পর্কের নানা ওঠাপড়া ফুটিয়ে তুললেও মিমি নিজের ব্যক্তিগত জীবনের গল্প বরাবরই আড়ালে রেখেছেন। তবে সব্যসাচীর স্টোরে তার উপস্থিতি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেত্রী নিজে মুখ না খোলা পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।