নভেম্বর ১১, ২০২৬, ০২:০৯ পিএম
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের তারকা প্লেমেকার জামাল মুসিয়ালা আবার কখনো তার সেরা ছন্দে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্লাবটির সম্মানসূচক প্রেসিডেন্ট উলি হুনেস। ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা এই তরুণ ফুটবলার স্নায়বিক সমস্যায় আক্রান্ত হওয়ার পর তার ভবিষ্যৎ কর্মক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
চলতি বছরের আগস্ট মাসে হাইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচের পর বেঞ্চে বসার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন মুসিয়ালা। এর আগে গত ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ চলাকালীন তিনি পা ভেঙে ফেলেন, যার কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। এছাড়া ২০২৬ সালের বিশ্বকাপেও জার্মানির হয়ে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এবং গত সেপ্টেম্বর থেকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন।
উলি হুনেস গণমাধ্যমকে জানিয়েছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সহজ উপায় নেই। তার এই অসুস্থতা পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও ওষুধের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে তিনি আগের মতো পারফরম্যান্স করতে পারবেন কি না, তা নিয়ে বায়ার্ন ম্যানেজমেন্টের অন্দরেও প্রশ্ন তৈরি হয়েছে। তার বর্তমান পারফরম্যান্স ক্লাবের চুক্তির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও ভাবার সময় এসেছে।
এদিকে বায়ার্ন ও জার্মানির সাবেক অধিনায়ক লোতার মাথেউস মনে করেন, হুনেসের এই মন্তব্য মূলত খেলোয়াড়কে তাতানোর একটি কৌশল। মুসিয়ালাকে অতিরিক্ত সুরক্ষার বলয়ে না রেখে সামান্য প্রতিকূলতার মুখোমুখি করা হচ্ছে যাতে তার মধ্যে ঘুরে দাঁড়ানোর জেদ তৈরি হয়। মাথেউসের মতে, হুনেসের এই চ্যালেঞ্জ জামাল মুসিয়াল্লার জন্য বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে।
জামাল মুসিয়ালা এর আগে ইউরো ২০২৪ টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন। কিন্তু ইনজুরি ও শারীরিক নানা জটিলতার কারণে সেই অতি পরিচিত ছন্দে আর দেখা যায়নি তাকে। বায়ার্ন মিউনিখের এই তরুণ তারকা এখন মাঠের বাইরে থেকে সম্পূর্ণ ফিট হয়ে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন