নভেম্বর ১১, ২০২৬, ০১:৪৯ পিএম
ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর তড়িঘড়ি করে নিজ বাড়ি ছেড়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তার কারণে সম্প্রতি তিনি বাড়ি ছেড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা এখনো পুরোপুরি স্পষ্ট করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে ইরান। সেই ভয়ের কারণেই নিজের বাসভবন ছেড়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন এই মার্কিন মন্ত্রী।
গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। ওই নথিতে উল্লেখ করা হয়েছিল যে, মার্কিন নাগরিকদের লক্ষ্য করে তেহরানের প্রাণঘাতী হামলার বিভিন্ন ষড়যন্ত্র বর্তমানে বেশ উন্নত পর্যায়ে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর ইরানের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা বা দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার যেকোনো ধরনের ষড়যন্ত্রের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তেহরান। এ বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের ওপর ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় অন্যতম প্রধান ভূমিকা পালন করে চলেছেন স্কট বেসেন্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বৈরী সম্পর্কের জেরে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিরাপত্তাহীনতা নতুন করে আলোচনায় এসেছে।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন