বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংকট

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১২:৫৮ পিএম

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে মতবিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধের বিষয়টি গত মঙ্গলবার বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়। ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে এই তথ্য জানায় আনাদোলু এজেন্সি।

ট্রাম্প ও নেতানিয়াহুর কথোপকথন সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ইয়েদিওথ আহরোনোথ জানায়, ফোনালাপে মূলত ইরান যুদ্ধ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মতপার্থক্য আলোচনায় আসে। সূত্রগুলো কথোপকথনকে বেশ কঠিন ও সংঘাতপূর্ণ বলে বর্ণনা করেছে। ট্রাম্প ও নেতানিয়াহুর কথোপকথনে চিৎকার-চেঁচামেচির ঘটনা ঘটেছে বলেও দাবি করে একটি সূত্র।

তবে বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দুই নেতার কথোপকথনে কোনো উত্তেজনা ছিল না এবং প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া খবর। ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি দাবি করেছেন যে কথোপকথনটি কঠিন ছিল না।

এর আগে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর জন্য ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু। আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, নেতানিয়াহুর অব্যাহত তদবিরে আরব ও মুসলিম নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা ট্রাম্পকে নতুন করে সামরিক অভিযান শুরুর পরিবর্তে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে সোমবার ট্রাম্প বলেছেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিরোধিতা করছে। তিনি সংঘাতের অবসানে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে জানান, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর তাৎক্ষণিক কোনো প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তার মতে, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হচ্ছে।

রুবিও জানান, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। তবে ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত রেড লাইন অতিক্রম করলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি সতর্ক করেন। এদিকে কাতার জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তী সময়ে কূটনৈতিক প্রচেষ্টা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।